প্রভু, তোমার বীণা যেমনি বাজে আঁধার-মাঝে
অমনি ফোটে তারা ।
যেন সেই বীণাটি গভীর তানে আমার প্রাণে
বাজে তেমনিধারা ।।
তখন নূতন সৃষ্টি প্রকাশ হবে কী গৌরবে
হৃদয়-অন্ধকারে ।
তখন স্তরে স্তরে আলোকরাশি উঠবে ভাসি
চিত্তগগনপারে ।।
তখণ তোমারি সৌন্দর্যছবি, ওগো কবি,
আমায় পড়বে আঁকা-
তখন বিস্ময়ের রবে না সীমা, ওই মহিমা
আর যাবে না ঢাকা ।
তখন তোমারি প্রসন্ন হাসি পড়বে আসি
নবজীবন-'পরে ।
তখন আনন্দ-অমৃতে তব ধন্য হব
চিরদিনের তরে ।।