গীতবিতান
← সব গান

পুরানো জানিয়া চেয়োনা আমারে

পর্যায়: প্রেম

পুরানো জানিয়া চেয়োনা আমারে আধেক আঁখির কোণে অলস অন্যমনে । আপনারে আমি দিতে আসি যেই জেনো জেনো সেই শুভ নিমেষেই জীর্ণ কিছুই নেই নেই, কিছু নেই, ফেলে দিই পুরাতনে ।। আপনারে দেয় ঝরনা আপন ত্যাগরসে উচ্ছলি- লহরে লহরে নূতন নূতন অর্ঘ্যের অঞ্জলি । মাধবীকুঞ্জ বার বার করি বনলক্ষ্মীর ডালা দেয় ভরি- বার বার তার দানমঞ্জরি নব নব ক্ষণে ক্ষণে ।। তোমার প্রেমে যে লেগেছে আমার চির নূতনের সুর । সব কাজে মোর সব ভাবনায় জাগে চিরসুমধুর । মোর দানে নেই দীনতার লেশ, যত নেবে তুমি না পাবে শেষ- আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-17