গীতবিতান
← সব গান

পূর্ণ প্রাণে চাবার যাহা

পর্যায়: প্রেম

পূর্ণ প্রাণে চাবার যাহা রিক্ত হাতে চাস নে তারে, সিক্তচোখে যাস নে দ্বারে ।। রত্নমালা আনবি যবে মাল্যবদল তখন হবে-- পাতবি কি তোর দেবীর আসন শূন্য ধুলায় পথের ধারে ।। বৈশাখে বন রুক্ষ যখন, বহে পবন দৈন্যজ্বালা, হায় রে তখন শুকনো ফুলে ভরবি কি তোর বরণডালা । অতিথিরে ডাকবি যবে ডাকিস যেন সগৌরবে, লক্ষ শিখায় জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-17