সারা নিশি ছিলেম শুয়ে
বিজন ভুঁয়ে
আমার মেঠো ফুলের পাশাপাশি
তখন শুনেছিলাম তারার বাঁশি ।।
যখন সকাল বেলা খুঁজে দেখি
স্বপ্নে-শোনা সে সুর এ কী
আমার মেঠো ফুলের চোখের জলে উঠে ভাসি--
সুর উঠে ভাসি ।।
এ সুর আমি খুঁজেছিলাম রাজার ঘরে,
শেষে ধরা দিল ধরার ধূলির 'পরে।
এ যে ঘাসের কোলে আলোর ভাষা
আকাশ-হতে-ভেসে-আসা --
এ যে মাটির কোলে মানিক-খসা হাসিরাশি ।।