সহসা ডালপালা তোর উতলা-যে,
ও চাঁপা, ও করবী !
কারে তুই দেখতে পেলি
আকাশ-মাঝে
জানি না যে ।
কোন্ সুরের মাতন হাওয়ায় এসে
বেড়ায় ভেসে,
ও চাঁপা, ও করবী !
কার নাচনের নূপুর বাজে
জানি না যে ।
তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে ।
কোন্ অজানার ধেয়ান যে তোর
মনে জাগে ।
কোন্ রঙের মাতন উঠল দুলে
ফুলে ফুলে,
ও চাঁপা, ও করবী !
কে সাজালে রঙিন সাজে
জানি না যে ।