গীতবিতান
← সব গান

সকলেরে কাছে ডাকি আনন্দ-আলয়ে থাকি

পর্যায়: পরিশিষ্ট

ভৈঁরো | ঝাঁপতাল সকলেরে কাছে ডাকি আনন্দ-আলয়ে থাকি অমৃত করিছ বিতরণ ।। পাইয়া অনন্ত প্রাণ জগত গাহিছে গান গগনে করিয়া বিচরণ । সু্র্য শূন্যপথে ধায়- বিশ্রাম সে নাহি চায়, সঙ্গে ধায় গ্রহপরিজন । লভিয়া অসীম বল ছুটিছে নক্ষত্রদল চারি দিকে চলেছে কিরণ । পাইয়া অমৃতধারা নব নব গ্রহ তারা বিকাশিয়া উঠে অনুক্ষণ- জাগে নব নব প্রাণ, চিরজীবনের গান পূরিতেছে অনন্ত গগন । পূর্ণ লোক লোকান্তর, প্রাণে মগ্ন চরাচর- প্রাণের সাগরে সন্তরণ । জগতে যে দিকে চাই বিনাশ বিরাম নাই, অহরহ চলে যাত্রীগণ । মোরা সবে কীটবৎ, সমুখে অনন্ত পথ কী করিয়া করিব ভ্রমণ । অমৃতের কণা তব পাথেয় দিয়েছ, প্রভো, ক্ষুদ্র প্রাণে অনন্ত জীবন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-17