সেই তো বসন্ত ফিরে এল, হৃদয়ের বসন্ত ফুরায় হায় রে ।
সব মরুময়, মলয়-অনিল এসে কেঁদে শেষে ফিরে চলে যায় হায় রে ।।
কত শত ফুল ছিল হৃদয়ে, ঝরে গেল, আশালতা শুকালো-
পাখিগুলি দিকে দিকে চলে যায় ।
শুকানো পাতায় ঢাকা বসন্তের মৃতকায়,
প্রাণ করে হায়-হায় হায় রে ।।
ফুরাইল সকলই ।
প্রভাতের মৃদু হাসি, ফুলের রূপরাশি, ফিরিবে কি আর ।
কিবা জোছনা ফুটিত রে কিবা যামিনী-
সকলই হারালো, সকলই গেল রে চলিয়া, প্রাণ করে হায়-হায় হায় রে ।।