গীতবিতান
← সব গান

সে আসি কহিল, 'প্রিয়ে, মুখ তুলে চাও

পর্যায়: নাট্যগীতি

সে আসি কহিল, 'প্রিয়ে, মুখ তুলে চাও ।' দুষিয়া তাহারে রুষিয়া কহিনু, 'যাও !' সখী ওলো সখী, সত্য করিয়া বলি, তবু সে গেল না চলি । দাঁড়ালো সমুখে ; কহিনু তাহারে, 'সরো !' ধরিল দু হাত ; কহিনু, 'আহা, কী কর !' সখী ওলো সখী, মিছে না কহিব তোরে, তবু ছাড়িল না মোরে । শ্রুতিমূলে মুখ আনিল সে মিছিমিছি । নয়ন বাঁকায়ে কহিনু তাহারে, 'ছি ছি !' সখী ওলো সখী, কহি লো শপথ ক'রে তবু সে গেল না স'রে । অধরে কপোল পরশ করিল তবু । কাঁপিয়া কহিনু, 'এমন দেখি নি কভু ।' সখী ওলো সখী, একি তার বিবেচনা, তবু মুখ ফিরালো না। আপন মালাটি আমারে পরায়ে দিল । কহিনু তাহারে, 'মালায় কী কাজ ছিল !' সখী ওলো সখী, নাহি তার লাজ ভয়, মিছে তারে অনুনয় ।। আমার মালাটি চলিল গলায় লয়ে । চাহি তার পানে রহিনু অবাক হয়ে । সখী ওলো সখী, ভাসিতেছি আঁখিনীরে- কেন সে এল না ফিরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-15