শুন নলিনী, খোলো গো আঁখি- ঘুম এখনো ভাঙিল নাকি । দেখো, তোমারি দুয়ার-'পরে সখী, এসেছে তোমারি রবি ।। শুনি প্রভাতের গাথা মোর দেখো ভেঙেছে ঘুমের ঘোর, জগত উঠেছে নয়ন মেলিয়া নূতন জীবন লভি । তবে তুমি কি সজনী জাগিবে নাকো, আমি যে তোমারি কবি ।। প্রতিদিন আসি, প্রতিদিন হাসি, প্রতিদিন গান গাহি- প্রতিদিন প্রাতে শুনিয়া সে গান ধীরে ধীরে উঠ চাহি । আজিও এসেছি, চেয়ে দেখো দেখি আর তো রজনী নাহি । আজিও এসেছি, উঠ উঠ সখী, আর তো রজনী নাহি । সখী, শিশিরে মুখানি মাজি সখী, লোহিত বসনে সাজি দেখো বিমল সরসী-আরশির 'পরে অপরূপ রূপরাশি । থেকে থেকে ধীরে হেলিয়া পড়িয়া নিজ মুখছায়া আধেক হেরিয়া ললিত অধরে উঠিবে ফুটিয়া শরমের মৃদু হাসি ।।