সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর-
আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর ।।
কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে
অরূপ, তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর ।
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর ।।
তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে,
বিশ্বসাগর ঢেউ খেলায়ে উঠে তখন দুলে ।
তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া,
হয় সে আমার অশ্রুজলে সুন্দরবিধুর ।
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর ।।