প্রমদা সখীগণ অশোক ও কুমারের প্রবেশ কুমার । সখী, সাধ করে যাহা দিবে তাই লইব । সখীগণ । আহা, মরি মরি, সাধের ভিখারি, তুমি মনে মনে চাহ প্রাণমন ।। কুমার । দাও যদি ফুল, শিরে তুলে রাখিব । সখী । দেয় যদি কাঁটা ? কুমার । তাও সহিব । সখীগণ । আহা, মরি মরি, সাধের ভিখারি, তুমি মনে মনে চাহ প্রাণমন ।। কুমার । যদি একবার চাও, সখী, মধুর নয়ানে ওই আঁখি-সুধা-পানে চিরজীবন মাতি রহিব । সখীগণ । যদি কটাক্ষ মিলে ? কুমার । তাও হৃদয়ে বিঁধায়ে চিরজীবন বহিব । সখীগণ । আহা, মরি মরি, সাধের ভিখারি, তুমি মনে মনে চাহ প্রাণমন ।।