প্রথমা । সখী, সে গেল কোথায়, তারে ডেকে নিয়ে আয় । সকলে । দাঁড়াব ঘিরে তারে তরুলতায় ।। প্রথমা । আজি এ মধুর সাঁঝে কাননে ফুলের মাঝে হেসে হেসে বেড়াবে সে, দেখিব তায় ।। দ্বিতীয়া। আকাশে তারা ফুটেছে, দখিনে বাতাস ছুটেছে, পাখিটি ঘুমঘোরে গেয়ে উঠেছে । প্রথমা । আয় লো আনন্দময়ী, মধুর বসন্ত লয়ে- সকলে । লাবণ্য ফুটাবি লো তরুলতায় ।।