সন্ধ্যা হল গো-
ও মা, সন্ধ্যা হল, বুকে ধরো ।
অতল কালো স্নেহের মাঝে
ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো ।।
ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো-
সব যে কোথায় হারিয়েছে গো-
ছড়ানো এই জীবন, তোমার
আঁধার-মাঝে হোক না জড়ো ।।
আর আমারে বাইরে তোমার
কোথাও যেন না যায় দেখা ।
তোমার রাতে মিলাক আমার
জীবনসাঁজের রশ্মিরেখা ।
আমায় ঘিরি আমায় চুমি
কেবল তুমি, কেবল তুমি-
আমার ব'লে যা আছে, মা,
তোমার ক'রে সকল হরো ।।