সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে সেই ঘরে রব সকল দুঃখ ভুলিয়া ।
করুণা করিয়া নিশিদিন নিজ করে রাখিয়ো তাহার একটি দুয়ার খুলিয়া ।।
মোরে সব কাজে মোর সব অবসরে সে দুয়ার রবে তোমারি প্রবেশ-তরে,
সেথা হতে বায়ু বহিবে হৃদয় 'পরে চরণ হইতে তব পদধূলি তুলিয়া ।।
যত আশ্রয় ভেঙে ভেঙে যায়, স্বামী, এক আশ্রয়ে রহে যে চিত লাগিয়া ।
যে অনলতাপ যখনি সহিব আমি এক নাম বুকে বার বার দেয় দাগিয়া ।
যবে দুখদিনে শোকতাপ আসে প্রাণে তোমারি আদেশ বহিয়া যেন সে আনে,
পরুষ বচন যতই আঘাত হানে সকল আঘাতে তব সুর উঠে জাগিয়া ।।