গীতবিতান
← সব গান

সন্ন্যাসী যে জাগিল ওই

পর্যায়: বিচিত্র

সন্ন্যাসী যে জাগিল ওই, জাগিল ওই, জাগিল । হাস্য-ভরা দখিন-বায়ে অঙ্গ হতে দিল উড়ায়ে শ্মশানচিতাভস্মরাশি - ভাগিল কোথা ভাগিল । মানসলোকে শুভ্র আলো চূর্ণ হয়ে রঙ জাগালো, মদির রাগ লাগিল তারে - হৃদয়ে তার লাগিল । আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে - রঙের ধারা ওই-যে বহে যায় রে । রঙের ঝড় উচ্ছ্বসিল গগনে, রঙের ঢেউ রসের স্রোতে মাতিয়া ওঠে সঘনে - ডাকিল বান আজি সে কোন্ কোটালে । নাকাড়া বাজে কানাড়া বাজে বাঁশিতে- কান্নাধারা মিলিয়া গেছে হাসিতে- প্রাণের মাঝে ফোয়ারা তারি ছোটালে ।। এসেছে হাওয়া বাণীতে দোল-দোলানো, এসেছে পথ-ভোলানো- এসেছে ডাক ঘরের-দ্বার-খোলানো । আয় রে তোরা, আয় রে তোরা, আয় আয় আয় - রঙের ধারা ওই-যে বহে যায় যে । উদয়রবি যে রাঙা রঙ রাঙায়ে পূর্বাচলের দিয়েছে ঘুম ভাঙায়ে অস্তরবি সে রাঙা রসে রসিল- চিরপ্রাণের বিজয়বাণী ঘোষিল । অরুণবীণা যে সুর দিল রণিয়া সন্ধ্যাকাশে সে সুর ওঠে ঘনিয়া নীরব নিশীথিনীর বুকে নিখিল ধ্বনি ধ্বনিয়া । আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে- বাঁধন-হারা রঙের ধারা ওই-যে বহে যায় যে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-10