প্রমদা ও সখীগণের প্রবেশ প্রমদা | সুখে আছি সুখে আছি, সখা, আপন-মনে । প্রমদা ও সখীগণ | কিছু চেয়ো না, দূরে যেয়ো না, শুধু চেয়ে দেখো, শুধু ঘিরে থাকো কাছাকাছি । প্রমদা | সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিত মধুর বাণী আড়ালে গাবে গান । গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি । প্রমদা ও সখীগণ | মন চেয়োনা, শুধু চেয়ে থাকো, শুধু ঘিরে থাকো কাছাকাছি । প্রমদা |মধুর জীবন, মধুর রজনী, মধুর মলয়বায় । এই মাধুরীধারা বহিছে আপনি, কেহ কিছু নাহি চায় । আমি আপনার মাঝে আপনি হারা, আপন সৌরভে সারা, যেন আপনার মন আপনার প্রাণ আপনারে সঁপিয়াছি ।।