গীতবিতান
← সব গান

স্বপনে দোঁহে ছিনু কী মোহে

পর্যায়: প্রেম

স্বপনে দোঁহে ছিনু কী মোহে, জাগার বেলা হল- যাবার আগে শেষ কথাটি বোলো ।। ফিরিয়া চেয়ে এমন কিছু দিয়ো বেদনা হবে পরমরমনীয়- আমার মনে রহিবে নিরবধি বিদায়খনে খনেক-তরি যদি সজল আঁখি তোলো ।। নিমেষহারা এ শুকতারা এমনি ঊষাকালে উঠিবে দূরে বিরহাকাশভালে । রজনীশেষে এই-যে শেষ কাঁদা বীণার তারে পড়িল তাহা বাঁধা, হারানো মণি স্বপনে গাঁথা রবে- হে বিরহিণী, আপনা হাতে তব বিদায়দ্বার খোলো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-30