শিকারীগণ । ঠাকুরমশয়, দেরি না সয়, তোমার আশায় সবাই ব'সে । শিকারেতে হবে যেতে মিহি কোমর বাঁধ ক'ষে ! বন-বাদাড় সব ঘেঁটে ঘুঁটে আমরা মরি খেটে খুটে, তুমি কেবল লুটে পুটে পেট পোরাবে ঠেসে ঠুসে ! বিদূষক । কাজ কী খেয়ে, তোফা আছি, আমায় কেউ না খেলেই বাঁচি ! শিকার করতে যায় কে মরতে, ঢুঁসিয়ে দেবে বরা মোষে ! ঢুঁ খেয়ে তো পেট ভরে না, সাধের পেটটি যাবে ফেঁসে ।