অমর । তবে সুখে থাকো, সুখে থাকো- আমি যাই- যাই । প্রমদা । সখী, ওরে ডাকো, মিছে খেলায় কাজ নাই ।। সখীগণ । অধীর হোয়ো না, সখী, আশ মেটালে ফেরে না কেহ, আশ রাখিলে ফেরে ।। অমর । ছিলাম একেলা সেই আপন ভুবনে, এসেছি এ কোথায় । হেথাকার পথ জানি নে- ফিরে যাই । যদি সেই বিরামভবন ফিরে পাই । প্রস্থান প্রমদা । সখী, ওরে ডাকো ফিরে । মিছে খেলা মিছে হেলা কাজ নাই ।। সখীগণ । অধীর হোয়ো না, সখী, আশ মেটালে ফেরে না কেহ, আশ রাখিলে ফেরে ।।