তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া- কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া ।। বিহানবেলা আঙিনাতলে এসেছ তুমি কী খেলাছলে- চরণ দুটি চলিতে ছুটি পড়িছে ভাঙিয়া । তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া ।। কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি- দুয়ার-পাশে জননী হাসে হেরিয়া নাচনি । তাথেই-থেই তালির সাথে কাঁকন বাজে মায়ের হাতে- রাখাল-বেশে ধরেছ হেসে বেণুর পাঁচনি । কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি । নিখিল শোনে আকুল-মনে নূপুর-বাজনা, তপন-শশী হেরিছে বসি তোমার সাজনা । ঘুমাও যবে মায়ের বুকে আকাশ চেয়ে রহে ও মুখে, জাগিলে পরে প্রভাত করে নয়ন-মাজনা । নিখিল শোনে আকুল-মনে নূপুর-বাজনা ।।