তোমার নয়ন আমায় বারে বারে বলেছে গান গাহিবারে ।। ফুলে ফুলে তারায় তারায় বলেছে সে কোন্ ইশারায় দিবস-রাতির মাঝ-কিনারায় ধূসর আলোয় অন্ধকারে । গাই নে কেন কী কব তা, কেন আমার আকুলতা- ব্যথার মাঝে লুকায় কথা, সুর যে হারাই অকূল পারে ।। যেতে যেতে গভীর স্রোতে ডাক দিয়েছ তরী হতে । ডাক দিয়েছ ঝড়-তুফানে বোবা মেঘের বজ্রগানে, ডাক দিয়েছ মরণপানে শ্রাবণরাতের উতল ধারে । যাই নে কেন জান না কি- তোমার পানে মেলে আঁখি কূলের ঘাটে বসে থাকি, পথ কোথা পাই পারাবারে ।।