তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখ ওগো ঘুম-ভাঙানিয়া । বুকে চমক দিয়ে তাই তো ডাক' ওগো দুখ-জাগানিয়া ।। এল আঁধার ঘিরে, পাখি এল নীড়ে, তরী এল তীরে - শুধু আমার হিয়া বিরাম পায় নাকো ওগো দুখ-জাগানিয়া । আমার কাজের মাঝে মাঝে কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে । আমায় পরশ ক'রে প্রাণ সুধায় ভ'রে তুমি যাও যে সরে - বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক ওগো দুখ-জাগানিয়া ।।