গীতবিতান
← সব গান

তোমায় কিছু দেব বলে

পর্যায়: পূজা

তোমায় কিছু দেব ব'লে চায় যে আমার মন, নাই-বা তোমার থাকল প্রয়োজন ।। যখন তোমার পেলেম দেখা, অন্ধকারে একা একা ফিরিতেছিলে বিজন গভীর বন । ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে, নাই-বা তোমার থাকল প্রয়োজন ।। দেখেছিলেম হাটের লোকে তোমারে দেয় গালি, গায়ে তোমার ছড়ায় ধূলাবালি । অপমানের পথের মাঝে তোমার বীণা নিত্য বাজে আপন-সুরে-আপনি-নিমগন । ইচ্ছা ছিল বরণমালা পরাই তোমার গলে, নাই-বা তোমার থাকল প্রয়োজন ।। দলে দলে আসে লোকে, রচে তোমার স্তব- নানা ভাষায় নানান কলরব । ভিক্ষা লাগি তোমার দ্বারে আঘাত করে বারে বারে- কত-যে শাপ, কত-যে ক্রন্দন । ইচ্ছা ছিল বিনা পণে আপনাকে দিই পায়ে, নাই-বা তোমার থাকল প্রয়োজন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-01

তোমায় কিছু দেব বলে – গীতবিতান