← সব গানতোমারেই প্রাণের আশা কহিব
পর্যায়: পূজা ও প্রার্থনা
তোমারেই প্রাণের আশা কহিব !
সুখে-দুখে-শোকে আঁধারে-আলোকে
চরণে চাহিয়া রহিব ।।
কেন এ সংসারে পাঠালে আমারে
তুমিই জান তা প্রভু গো ।
তোমারি আদেশে রহিব এ দেশে,
সুখ দুখ যাহা দিবে সহিব ।।
যদি বনে কভু পথ হারাই, প্রভু,
তোমারি নাম লয়ে ডাকিব ।
বড়োই প্রাণ যবে আকুল হইবে
চরণ হৃদয়ে লইব ।।
তোমারি জগতে প্রেম বিলাইব,
তোমারি কার্য যা সাধিব-
শেষ হয়ে গেলে ডেকে নিয়ো কোলে ।
বিরাম আর কোথা পাইব ।।