গীতবিতান
← সব গান

তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ

পর্যায়: জাতীয় সংগীত

তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ । তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ । তোমারি শোকে এ আঁখি বরষিবে, এ বীণা তোমারি গাহিবে গান ।। যদিও এ বাহু অক্ষম দুর্বল তোমারি কার্য সাধিবে । যদিও এ অসি কলঙ্কে মলিন তোমারি পাশ নাশিবে ।। যদিও, হে দেবী, শোণিতে আমার কিছুই তোমার হবে না তবু, ওগো মাতা, পারি তা ঢালিতে একতিল তব কলঙ্ক ক্ষালিতে- নিভাতে তোমার যাতনা । যদিও, জননী, যদিও আমার এ বীণায় কিছু নাহিক বল কী জানি যদি, মা, একটি সন্তান জাগি উঠে শুনি এ বীণাতান ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-06-05