তোমায় আমায় মিলন হবে ব'লে আলোয় আকাশ ভরা । তোমায় আমায় মিলন হবে ব'লে ফুল্ল শ্যামল ধরা ।। তোমায় আমায় মিলন হবে ব'লে রাত্রি জাগে জগৎ লয়ে কোলে, ঊষা এসে পূর্বদুয়ার খোলে কলকন্ঠস্বরা ।। চলেছে ভেসে মিলন-আশা-তরী অনাদিস্রোত বেয়ে । কত কালের কুসুম উঠে ভরি বরণডালি ছেয়ে । তোমায় আমায় মিলন হবে ব'লে যুগে যুগে বিশ্বভুবনতলে পরান আমার বধূর বেশে চলে চিরস্বয়ম্বরা ।।