তোরা বসে গাঁথিস মালা, তারা গলায় পরে ।
কখন যে শুকায়ে যায়, ফেলে দেয় রে অনাদরে ।।
তোরা সুধা করিস দান,
তারা শুধু করে পান,
সুধায় অরুচি হলে ফিরেও তো নাহি চায়-
হৃদয়ের পাত্রখানি ভেঙে দিয়ে চলে যায় ।।
তোরা কেবল হাসি দিবি, তারা কেবল বসে আছে-
চোখের জল দেখিলে তার আর তো রবে না কাছে ।
প্রাণের ব্যথা প্রাণে রেখে
প্রাণের আগুন প্রাণে ঢেকে
পরান ভেঙে মধু দিবি অশ্রুছাঁকা হাসি হেসে-
বুক ফেটে, কথা না ব'লে শুকায়ে পড়িবি শেষে ।।