তোর আপন জনে ছাড়বে তোরে, তা ব'লে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছি'ড়ে, হয়তো রে ফল ফলবে না।। আসবে পথে আঁধার নেমে, তাই ব'লেই কে রইবি থেমে- ও তুই বারে বারে জ্বালাবি বাতি, হয়তো বাতি জ্বলবে না।। শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে বনের প্রাণী- হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না। বন্ধ দুয়ার দেখলি ব'লে অমনি কি তুই আসবি চলে- তোর বারে বারে ঠেলতে হবে, হয়তো দুয়ার টলবে না।।