তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার ।
তাই জনম গেল, শান্তি পেলি না রে, মন, মন রে আমার ।।
যে পথ দিয়ে চলে এলি
সে পথ এখন ভুলে গেলি-
কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার ।।
নদীর জলে থাকি রে কান পেতে,
কাঁপে রে প্রাণ পাতার মর্মরেতে ।
মনে হয় যে পাব খুঁজি
ফুলের ভাষা যদি বুঝি
যে পথ গেছে সন্ধ্যাতারার পারে মন, মন রে আমার ।।