গীতবিতান
← সব গান

তুমি ছেড়ে ছিলে ভুলে ছিলে

পর্যায়: পূজা

তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব'লে হেরো গো কী দশা হয়েছে- মলিন বদন, মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে ।। বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহবেদনা ; দরশন নেব তবে চ'লে যাব, অনেক দিনের বাসনা ।। 'নাথ নাথ' ব'লে ডাকিব তোমার, চাহিব হৃদয়ে রাখিতে- কাতর প্রাণের রোদন শুনিলে আর কি পারিবে থাকিতে ? ও অমৃতরূপ দেখিব যখন মুছিব নয়নবারি হে- আর উঠিব না, পড়িয়া রহিব চরণতলে তোমারি হে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-26