গীতবিতান
← সব গান

তুমি যত ভার দিয়েছ সে ভার

পর্যায়: পূজা

তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা । আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা । এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও- ভারের বেগেতে চলেছি কোথায়, এ যাত্রা তুমি থামাও ।। আপনি যে দুখ ডেকে আনি সে-যে জ্বালায় বজ্রানলে- অঙ্গার ক'রে রেখে যায়, সেথা কোনো ফল নাহি ফলে । তুমি যাহা দাও সে-যে দুঃখের দান শ্রাবণধারায় বেদনার রস সার্থক করে প্রাণ । যেখানে যা-কিছু পেয়েছি কেবলই সকলই করেছি জমা- যে দেখে সে আজ মাগে-যে হিসাব, কেহ নাহি করে ক্ষমা । এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও - ভারের বেগেতে ঠেলিয়া চলেছি, এ যাত্রা মোরে থামাও ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-18