গীতবিতান
← সব গান

তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো

পর্যায়: নাট্যগীতি

তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে হৃদয়ে আমার। যৌবনসমুদ্রমাঝে কোন্‌ পূর্ণিমায় আজি এসেছে জোয়ার। উচ্ছল পাগল নীরে তালে তালে ফিরে ফিরে এ মোর নির্জন তীরে কী খেলা তোমার! মোর সর্ব বক্ষ জুড়ে কত নৃত্যে কত সুরে এস কাছে যাও দূরে শতলক্ষবার।। কুসুমের মতো শ্বসি পড়িতেছ খসি খসি মোর বক্ষ-'পরে গোপন শিশিরছলে বিন্দু বিন্দু অশ্রুজলে প্রাণ সিক্ত ক'রে। নিঃশব্দ সৌরভরাশি পরানে পশিছে আসি সুখস্বপ্ন পরকাশি নিভৃত অন্তরে। পরশপুলকে ভোর চোখে আসে ঘুমঘোর, তোমার চুম্বন মোর সর্বাঙ্গে সঞ্চরে।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-22