গীতবিতান
← সব গান

উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে

পর্যায়: পূজা

উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে ওই-যে তিনি, ওই-যে বাহির পথ ।। আয় রে ছুটে, টানতে হবে রশি- ঘরের কোণে রইলি কোথায় বসি ! ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই নে রে কোনোমতে ।। কোথায় কী তোর আছে ঘরের কাজ সে-সব কথা ভুলতে হবে আজ । টান্‌ রে দিয়ে সকল চিত্তকায়া, টান্‌ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, চল্‌ রে টেনে আলোয় অন্ধকারে নগর-গ্রামে অরণ্যে পর্বতে ।। ওই-যে চাকা ঘুরছে রে ঝন্‌ঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি ? রক্তে তোমার দুলছে না কি প্রাণ ? গাইছে না মন মরণজয়ী গান? আকাঙ্খা তোর বন্যাবেগের মতো ছুটছে না কি বিপুল ভবিষ্যতে ?।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-26