গীতবিতান
← সব গান

চলো যাই চলো যাই চলো

পর্যায়: স্বদেশ

চলো যাই চলো, যাই চলো, যাই- চলো পদে পদে সত্যের ছন্দে, চলো দূর্জয় প্রাণের আনন্দে ।। চলো মুক্তিপথে, চলো বিঘ্নবিপদজয়ী মনোরথে করো ছিন্ন, করো ছিন্ন, করো ছিন্ন- স্বপ্নকুহক করো ছিন্ন । থেকো না জড়িত অবরুদ্ধ জড়তার জর্জর বন্ধে । বলো জয় বলো, জয় বলো, জয়- মুক্তির জয় বলো ভাই ।। চলো দুর্গমদূরপথযাত্রী, চলো দিবারাত্রি, করো জয়যাত্রা, চলো বহি নির্ভয় বীর্যের বার্তা, বলো জয় বলো, জয় বলো, জয়- সত্যের জয় বলো ভাই ।। দূর করো সংশয়শঙ্কার ভার, যাও চলি তিমিরদিগন্তের পার । কেন যায় দিন হায় দুশ্চিন্তার দ্বন্দ্বে- চলো দুর্জয় প্রাণের আনন্দে । চলো জ্যোতির্লোকে জাগ্রত চোখে- বলো জয় বলো, জয় বলো, জয়- বলো নির্মল জ্যোতির জয় বলো ভাই ।। হও মৃত্যুতোরণ উত্তীর্ণ, যাক, যাক ভেঙে যাক যাহা জীর্ণ । চলো অভয় অমৃতময় লোকে, অজর অশোকে, বলো জয় বলো, জয় বলো, জয়- অমৃতের জয় বলো ভাই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-27