যাবই আমি যাবই ওগো, বানিজ্যেতে যাবই । লক্ষ্মীরে হারাবই যদি, অলক্ষ্মীরে পাবই ।। সাজিয়ে নিয়ে জাহাজখানি বসিয়ে হাজার দাঁড়ি কোন্ পুরীতে যাব দিয়ে কোন্ সাগরে পাড়ি । কোন্ তারকা লক্ষ্য করি কূলকিনারা পরিহরি কোন্ দিকে যা বাইব তরী বিরাট কালো নীরে- মরব না আর ব্যর্থ আশায় সোনার বালুর তীরে ।। নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা । শৈলচুড়ায় নীড় বেঁধেছে সাগর-বিহঙ্গেরা । নারিকেলের শাখে শাখে ঝোড়ো বাতাস কেবল ডাকে, ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগনদী । সাত-রাজার ধন মানিক পাব সেথায় নামি যদি ।। হেরো সাগর ওঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে । সূর্য যেথায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে । দক্ষিণে চাই, উত্তরে চাই- ফেনায় ফেনা, আর কিছু নাই- যদি কোথাও কূল নাহি পাই তল পাব তো তবু- ভিটার কোণে হতাশমনে রইব না আর কভু ।। অকূল-মাঝে ভাসিয়ে তরী যাচ্ছি অজানায় আমি শুধু একলা নেয়ে আমার শূন্য নায় । নব নব পবন ভরে যাব দ্বীপে দ্বীপান্তর, নেব তরী পূর্ণ করে অপূর্ব ধন যত । ভিখারি মন ফিরবে যখন ফিরবে রাজার মতো ।।