গীতবিতান
← সব গান

সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে

পর্যায়: পূজা

সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে । সবার মাঝারে তোমারে হৃদয়ে বরিব হে ।। শুধু আপনার মনে নয়, আপন ঘরের কোণে নয়, শুধু আপনার রচনার মাঝে নহে-- তোমার মহিমা যেথা উজ্জ্বল রহে সেই সেবা-মাঝে তোমারে স্বীকার করিব হে । দ্যুলোকে ভুলোকে তোমারে হৃদয়ে বরিব হে ।। সকলই তেয়াগি তোমারে স্বীকার করিব হে । সকলই গ্রহণ করিয়া তোমার বরিব হে । কেবলই তোমার স্তবে নয়, শুধু সঙ্গীতরবে নয়, শুধু নির্জনে ধ্যানের আসনে নহে-- তব সংসার যেথা জাগ্রত রহে, কর্মে সেথায় তোমারে স্বীকার করিব হে । প্রিয়ে অপ্রিয়ে তোমারে হৃদয়ে বরিব হে ।। জানি না বলিয়া তোমারে স্বীকার করিব হে । জানি বলে নাথ, তোমারে হৃদয়ে বরিব হে ।। শুধু জীবনের সুখে নয়, শুধু প্রফুল্লমুখে নয়, শুধু সুদিনের সহজ সুযোগে নহে-- দুখশোক যেথা আঁধার করিয়া রহে নত হয়ে সেথা তোমারে স্বীকার করিব হে । নয়নের জলে তোমারে হৃদয়ে বরিব হে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-21