গীতবিতান
← সব গান

প্রাঙ্গণে মোর শিরীষশাখায়

পর্যায়: বিচিত্র

প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে কী উচ্ছ্বাসে ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা । ক্ষান্তকূজন শান্তবিজন সন্ধ্যাবেলা প্রত্যহ সেই ফুল্ল শিরীষ প্রশ্ন শুধায় আমায় দেখি, 'এসেছে কি - এসেছে কি ।' আর বছরেই এমনি দিনেই ফাগুন মাসে কী উচ্ছ্বাসে নাচের মাতন লাগল শিরীষ-ডালে স্বর্গপুরের কোন্ নুপুরের তালে । প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল, 'শুনাও দেখি আসে নি কি- আসে নি কি ।' আবার কখন এমনি দিনেই ফাগুন মাসে কী আশ্বাসে ডালগুলি তার রইবে শ্রবণ পেতে অলখ জনের চরণ-শব্দে মেতে । প্রত্যহ তার মর্মরস্বর বলবে আমায় কী বিশ্বাসে, 'সে কি আসে - সে কি আসে ।' প্রশ্ন জানাই পুষ্পবিভোর ফাগুন মাসে কী আশ্বাসে, 'হায় গো, আমার ভাগ্য-রাতের তারা, নিমেষ-গণন হয় নি কি মোর সারা ।' প্রত্যহ বয় প্রাঙ্গণময় বনের বাতাস এলোমেলো- 'সে কি এলো - সে কি এলো ।'
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08