গীতবিতান
← সব গান

তোরা যে যা বলিস ভাই

পর্যায়: প্রেম

তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই । মনোহরণ চপলচরণ সোনার হরিণ চাই ।। সে-যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা । সে-যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁদা । আমি ছুটব পিছে মিছে-মিছে পাই বা নাহি পাই- আমি আপন-মনে মাঠে বনে উধাও হয়ে ধাই ।। তোরা পাবার জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে ভরে- যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগল কেনো মোরে । আমার যা ছিল তা গেলো ঘুচে যা নেই তার ঝোঁকে- আমার ফুরোয় পুঁজি, ভাবিস বুঝি মরি তারি শোকে? আমি আছি সুখে হাস্যমুখে, দুঃখ আমার নাই । আমি আপন-মনে মাঠে বনে উধাও হয়ে ধাই ।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08