গীতবিতান
← সব গান

যদি তোর ডাক শুনে কেউ

পর্যায়: স্বদেশ

মূল গান: হরিনাম দিয়ে জগত মাতালে

উৎস: লোকপ্রচলিত

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে । একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে ।। যদি কেউ কথা না কয়, ওরে ও অভাগা, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়- তবে পরান খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ।। যদি সবাই ফিরে যায়, ও রে ও অভাগা, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়- তবে পথের কাঁটা ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে ।। যদি আলো না ধরে, ওরে ও অভাগা, যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে- তবে বজ্রানলে আমার বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলোরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08