আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে, তোমার সেথায় চরণ পড়ে । তাই তো আমার সকল পরান কাঁপছে ব্যথার ভরে গো, কাঁপছে থরোথরে ।। ব্যথাপথের পথিক তুমি, চরণ চলে ব্যথা চুমি- কাঁদন দিয়ে সাধন আমার চিরদিনের তরে গো চিরজীবন ধ'রে ।। নয়নজলের বন্যা দেখে ভয় করি নে আর, আমি ভয় করি নে আর । মরণ-টানে টেনে আমায় করিয়ে দেবে পার, আমি তরব পারাবার । ঝড়ের হাওয়া আকুল গানে বইছে আজি তোমার পানে- ডুবিয়ে তরী ঝাঁপিয়ে পড়ি ঠেকব চরণ-'পরে, আমি বাঁচব চরণ ধ'রে ।।