তুমি কি কেবলি ছবি, শুধু পটে লিখা
ওই-যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড় আকাশের নীড়,
ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী
গ্রহ তারা রবি,
তুমি কি তাদের মত সত্য নও !
হায় ছবি, তুমি শুধু ছবি ।।
নয়নসমুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই-
আজি তাই
শ্যামল শ্যামল তুমি, নীলিমায় নীল ।
আমার নিখিল
তোমাতে পেয়েছি তার অন্তরের মিল ।
নাহি জানি, কেহ নাহি জানে-
তব সুর বাজে মোর গানে,
কবির অন্তরে তুমি কবি-
নও ছবি, নও ছবি, শুধু নও ছবি ।।