গীতবিতান
← সব গান

বিশ্ববীণারবে

পর্যায়: প্রকৃতি

বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে । স্থলে জলে নভতলে বনে উপবনে নদীনদে গিরিগুহা-পারাবারে নিত্য জাগে সরস সংগীতমধুরিমা, নিত্য নৃত্যরসভঙ্গিমা ।-- নব বসন্তে নব আনন্দ, উত্সব নব । অতি মঞ্জুল, অতি মঞ্জুল, শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে- শুনি রে শুনি মর্মর পল্লবপুঞ্জে, পিককূজন পুষ্পবনে বিজনে, মৃদু বায়ুহিলোলবিলোল বিভোল বিশাল সরোবর-মাঝে কলগীত সুললিত বাজে । শ্যামল কান্তার-'পরে অনিল সঞ্চারে ধীরে রে, নদীতীরে শরবনে উঠে ধ্বনি সরসর মরমর । কত দিকে কত বাণী, নব নব কত ভাষা, ঝরঝর রসধারা ।। আষাঢ়ে নব আনন্দ, উত্সব নব । অতি গম্ভীর, অতি গম্ভীর নীল অম্বরে ডম্বরু বাজে, যেন রে প্রলয়ঙ্করী শঙ্করী নাচে । করে গর্জন নির্ঝরিণী সঘনে, হেরো ক্ষুব্ধ ভয়াল বিশাল নিরাল পিয়ালতমালবিতানে উঠে রব ভৈরবতানে । পবন মল্লারগীত গাহিছে আঁধার রাতে, উণ্মাদিনী সৌদামিনী রঙ্গভরে নৃত্য করে অম্বরতলে । দিকে দিকে কত বাণী, নব নব কত ভাষা, ঝরঝর রসধারা ।। আশ্বিনে নব আনন্দ, উত্সব নব । অতি নির্মল, অতি নির্মল, অতি নির্মল উজ্জ্বল সাজে ভুবনে নব শারদলক্ষ্মী বিরাজে । নব ইন্দুলেখা অলকে ঝলকে অতি নির্মল হাসবিভাসবিকাশ আকাশনীলাম্বুজ-মাঝে শ্বেত ভুজে শ্বেত বীণা বাজে-- উঠিছে আলাপ মৃদু মধুর বেহাগতানে, চন্দ্রকরে উল্লসিত ফুল্লবনে ঝিল্লিরবে তন্দ্রা আনে রে। দিকে দিকে কত বানী, নব নব কত ভাষা, ঝর ঝর রসধারা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08